আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত

ভারতে নতুন করে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল ভারতের কেন্দ্রীয় সরকার।
বুধবার (১৯ জানুয়ারি)এ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে বেসামরিক বিমান পরিষেবার মহাপরিচালক।
সার্কুলারে বলা হয়েছে, গত বছরের ২৬ নভেম্বর জারি করা সার্কুলারে কিছু সংশোধন এনে সব আন্তর্জাতিক ফ্লাইট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হলো।
নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পণ্যবাহী বিমানের উপর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।
তবে এয়ার বাবলের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচলে কোনও পরিবর্তন আনা হয়নি। ২০২০ সালের ২৩ মার্চ থেকে বন্ধ আছে বিমান পরিষেবা। নতুন বছরে এই সবকিছু স্বাভাবিক হওয়ার আশা করা হয়েছিল।
কিন্তু বিশ্বজুড়ে নতুন করে সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বাধ্য হয়েই নিষেধাজ্ঞার মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে।
-B










