দুই দশক পর বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ

অবকাঠামো নির্মাণের প্রায় দুই দশক পর বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চার সদস্যের একটি কমিটি করেছে। কমিটির সদস্যরা রবিবার বিমানবন্দর এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন দেবেন।
বেবিচক পরিচালক (প্রশাসন)মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে চার সদস্যের যে কমিটি হয়েছে, তাতে আহ্বায়ক করা হয়েছে উপপরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ইশরাত জাহান পান্নাকে।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব অনুপ কুমার তালুকদার স্বাক্ষরিত আরেক চিঠিতে বলা হয়েছে, ‘বাণিজ্যিকভাবে বগুড়া বিমানবন্দর চালুকরণের বিষয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর প্রস্তাবনার আলোকে সম্ভাব্যতা যাচাইপূর্বক স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদনসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
গত ১ মার্চ রেজাউল করিম বাবলু বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় বাণিজ্যিকভাবে বিমান চলাচলের জন্য ’৯০-এর দশকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় প্রায় ১১০ একর জায়গাজুড়ে বিমানবন্দরটি নির্মাণ করা হয়। আন্তর্জাতিকমানের এই বিমানবন্দর নির্মাণে খরচ হয় ২২ কোটি টাকা। কিন্তু ২৪ বছরেও বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু হয়নি। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার বিমানবন্দরের কাজ সম্পন্ন করলেও ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার এটি বাণিজ্যিকভাবে চালু না করে বিমানবাহিনীর কাছে হস্তান্তর করে। এমন প্রেক্ষাপটে রাজস্ব আয় এবং দেশি-বিদেশি যাত্রীদের সুবিধার্থে বাণিজ্যিকভাবে বিমানবন্দরটি চালু করার সুপারিশ করেন সংসদ সদস্য।










