মাঝ আকাশেই বাবা-মাকে সারপ্রাইজ পাইলটের!
সব সন্তানই চায় একটা বয়সের পর বাবা-মায়ের সব দায়িত্ব কাধে তুলে নিতে। সকলেই চায় তাঁর জন্য গর্বিত হোন তাঁর অভিভাবক।
এমনই এক সন্তান ও তাঁর বাবা-মায়ের সুমধুর সম্পর্কের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
পেশায় পাইলট ওই ব্যক্তি তাঁর বাবা-মায়ের জন্য সেরা উপহার নিয়ে হাজির হয়েছেন তাঁরই ফ্লাইটে। পাইলটের বাবা মায়ের খুশি দেখে আনন্দিত নেটাগরিকরাও।
আসলে ওই দম্পতি রাজস্থানের জয়পুরে তাদের নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথে তারা যে ফ্লাইটে উঠেছিলেন ওই ফ্লাইটটি চালাচ্ছিলেন তাঁদেরই সন্তান। ওই দম্পতি জানতেই পারেননি তাদের সন্তানই সেদিনের ফ্লাইটের দায়িত্বে রয়েছেন।
পাইলট কমল কুমার তাঁর এই মিষ্টি ভিডিও-টি Instagram-এ শেয়ার করেছেন। ইতিমধ্যেই ভিডিও-টি ২ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এতে দেখা যাচ্ছে, কমলের বাবা-মা অজান্তেই ফ্লাইটে উঠছেন এবং তারপর হঠাৎ করেই তাঁরা ছেলেকে ককপিটের প্রবেশপথে দেখতে পান। কমলের মা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে ছেলের হাত ধরে হেসে ফেলেন। ভিডিও-টিতে কমল তাঁর বাবা-মায়ের সঙ্গে ককপিটে বসে থাকার ছবিও পোস্ট করেছেন।
তিনি এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, ‘আমি উড়তে শুরু করার পর থেকে এমনই কোনও এক শুভক্ষণের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে বাবা-মায়ের জয়পুরে ফেরার পথে এই সুযোগ পেয়েছি। এ এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাব না।’
-B










