আবার চালু হচ্ছে ঈশ্বরদী বিমানবন্দর

উত্তরাঞ্চলের একসময়ের সবচেয়ে ব্যস্ততম ঈশ্বরদী বিমানবন্দরে প্রায় দু’দশক ধরে ফ্লাইট পরিচালনা কার্যক্রম নেই। মাঝে ২০১৩ সালে কিছুদিন বেসরকারি এয়ারলাইন্স এখানে ফ্লাইট চালিয়েছিল। কিন্তু লোকসান দেখিয়ে ১৯৯৬ সালে এ বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়।
দীর্ঘ ১৭ বছর পর ২০১৩ সালে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট নেমেছিল ঈশ্বরদী বিমানবন্দরে| কিন্তু ছয় মাস ১১ দিন চালু থাকার পর ২০১৪ সালের ২৯ মে আবার বন্ধ হয়ে যায় এটি। গত সাত বছরে এ বিমানবন্দরে কোনো যাত্রীবাহী ফ্লাইট ওঠা-নামা করেনি। তবে মাঝেমধ্যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলোকে এটি ব্যবহার করতে দেখা গেছে।
দেশের সব বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি, পাবনা জেলা প্রশাসক ও ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের দাবির পরও চালু করা হয়নি বিমানবন্দরটি।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ঈশ্বরদী বিমানবন্দর সংস্কারের পরে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। ঈশ্বরদী বিমানবন্দরের জন্য মোট ৪৩৬ দশমিক ৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যার মধ্য থেকে সেনাবাহিনীর কাছে ২৯০ দশমিক ৭৪ একর হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দখলে থাকা অবশিষ্ট ১৪৫ দশমিক ৯১ একর জমিতে রয়েছে টার্মিনাল ভবন, রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, নেভিগেশন যন্ত্রপাতি, যোগাযোগ যন্ত্রপাতি, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও বিমানবন্দরের প্রবেশ সড়কসহ অন্যান্য স্থাপনাদি।
প্রতিমন্ত্রী জানান, ঈশ্বরদী বিমানবন্দরে মিলিটারি ফার্মকে হস্তান্তর করা জমি, মিলটারি ফার্ম কর্তৃক দখল করা জমিসহ এ বিমানবন্দরের জন্য অধিকৃত জমি বেবিচকের অনুকূলে হস্তান্তরের পর বিমানবন্দরটি সংস্কার করে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।










