আফগান দূতাবাস বন্ধ করে দিলো জাপান

ঢাকাঃ জাপানের টোকিওতে অবস্থিত আফগানিস্তান দূতাবাসের সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দেশটিতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিদায়ী বার্তায় রাষ্ট্রদূত আবদালি উল্লেখ করেছেন, তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে টোকিও ত্যাগ করছেন এবং দূতাবাসের দরজা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যমের কার্যক্রম শেষ হলো।
দূতাবাস বন্ধ হওয়ার আগে এটি আফগানিস্তান ও জাপানের মধ্যকার আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল। পাশাপাশি জাপানে বসবাসরত আফগান নাগরিকদের জন্য পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবাও দিয়ে যাচ্ছিল।
২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর বিশ্বের বিভিন্ন দেশে আফগান দূতাবাসগুলোর কার্যক্রম একের পর এক বন্ধ বা সীমিত হয়ে পড়ে। সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত বহু কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে, আবার কিছু মিশনের ব্যবস্থাপনায় সাময়িক পরিবর্তন এসেছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে।
জাপান এখনও তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। দেশটি মূলত মানবিক সহায়তার মধ্যেই আফগানিস্তানের সঙ্গে সীমিত যোগাযোগ বজায় রাখছে।
২০২১ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে আফগানিস্তানের ডজনের বেশি কূটনৈতিক মিশন বন্ধ বা কার্যক্রম সংকুচিত করেছে। এর ফলে বিদেশে বসবাসরত আফগান নাগরিকদের কূটনৈতিক প্রতিনিধিত্ব ও জরুরি কনস্যুলার সেবা পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
-B










