শেষ হল কলকাতা বই মেলা: সেরা ‘বাংলাদেশ প্যাভেলিয়ন’

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা শেষ হল রোববার (১৩ মার্চ ) রাত ৯টায়। এবার ছিল বইমেলার ৪৫তম বর্ষ। করোনার কারণে গত বছর এ বইমেলা অনুষ্ঠিত হতে পারেনি।
বইমেলার শেষ দিনে সমাপ্তি অনুষ্ঠানের সঙ্গে বিকেলে বইমেলা চত্বরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ বইমেলায় এবার বাংলাদেশ প্যাভিলিয়ন বিশেষ পুরস্কারে সম্মানিত হয়। বাংলাদেশ প্যাভিলিয়ন গড়া হয় একাত্তরের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালীন ৭ মার্চ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে থিম করে।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের সংস্কৃতিসচিব মো. আবুল মনসুর। এ সময় উপস্থিত ছিলেন মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান, বিধাননগর পৌর করপোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তীসহ বিশিষ্টজনেরা। এবারের বইমেলায় সেরা প্যাভিলিয়নের সম্মান পায় যৌথভাবে প্রকাশনা সংস্থা অনুস্টুপ এবং পত্রিকা ৩৬৫।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে উদ্বোধন হয় কলকাতার ঐতিহ্যবাহী ৪৫তম আন্তর্জাতিক বইমেলার। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির মহাপরিচালক সেলিনা হোসেন, কলকাতার বিশিষ্ট কথাসাহিত্যিক সঞ্জীব কুমার চট্টোপাধ্যায়। আরও উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনেরা।
আয়োজক সংস্থা ঘোষণা দিয়েছে, আগামী বছরের বইমেলার থিম কান্ট্রি হবে স্পেন।
-B










