তিন দিনের ছুটিতে পর্যটকের আশায় সেজেছে কুয়াকাটা

পটুয়াখালী : সূর্যোদয় সূর্যাস্তের লীলাভূমি সমুদ্রসৈকত ‘সাগরকন্যা’ কুয়াকাটা। পর্যটন মৌসুমের শুরুতে এবার তেমন পর্যটক ছিল না। বড়দিনসহ সরকারি তিন দিনের ছুটিতে ব্যাপক পর্যটক আগমনের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ উপলক্ষে অনেকেই দোকানে কিছু নতুন পণ্য তুলেছেন। এগুলো বিক্রি করতে পারলে পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন তারা।
ইতোমধ্যে বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ।
বুধবার (২৫ ডিসেম্বর)বিকেল থেকেই পর্যটকরা আসতে শুরু করেছেন।
আবাসিক হোটেল ফ্রেন্ডস পার্কের স্বত্বাধিকারী আরিফ সুমন বলেন, এবার পর্যটকদের ভালো সাড়া পাচ্ছি। ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। আশা করছি সব কক্ষ বুকিং হবে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পর্যটকরা আসতে শুরু করেছেন। তিন দিনের ছুটিতে ব্যাপক পর্যটক আগমনের আশা করছি।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এবার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের আগমন ঘটবে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি পুলিশ থাকবে। ট্যুরিস্ট পুলিশের টহল থাকবে। আশা করছি, পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।
-B










