রোম থেকে ঢাকায় ফিরলো আটকে পড়া বিমান
ঢাকাঃ যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট।দীর্ঘ সময় অপেক্ষার পর রবিবার(৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে স্থানীয় সময় শনিবার (৮ আগস্ট) রাত ১১টায় রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬।বিমান সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।প্রায় ৮ ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে জরুরি অবতরণ করে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১৯ মিনিটে উড়োজাহাজটি সেখানে অবতরণ করে।দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার দুপুরে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দলটি রোমের উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে তারা সেখানে পৌঁছান।পরে প্রকৌশলীরা প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করে উড়োজাহাজটির ত্রুটি সারিয়ে তোলেন। এরপর গ্রাউন্ডেড থাকা উড়োজাহাজটিকে ফের অপারেশনের জন্য ছাড়পত্র দেওয়া হয়। শেষ পর্যন্ত শনিবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেয় বিজি-৩০৬।তবে ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় রোমে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জনকে প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জেই অবস্থান করতে হয়েছে।যাত্রীদের আরও অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য বিমান কর্তৃপক্ষ হোটেলে থাকার ব্যবস্থা করলেও বাংলাদেশি যাত্রীদের সে ধরনের সুবিধা দেওয়া হয়নি। দীর্ঘ অপেক্ষা, থাকার ব্যবস্থা ও যাত্রীসেবা নিয়ে এ সময় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।শেষ পর্যন্ত প্রকৌশলীদের তৎপরতায় কারিগরি ত্রুটি সারানোর পর ফ্লাইটটি রোম ছাড়ে এবং প্রায় ৪০ ঘণ্টার অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার দুপুরে ঢাকায় পৌঁছায়।