যাত্রীবাহী উড়ানের ক্ষতি, বিমানকে ভর্ৎসনা

১ বছরেরও বেশি সময় ধরে মালামাল পরিবহন করে যাত্রীবাহী বিমানের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভর্ৎসনা করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিমান সূত্র জানায়, ২০২০ সালের মার্চ থেকে অন্তত ৮টি উড়োজাহাজে মালামাল পরিবহণ করা হচ্ছিল। এতে উড়োজাহাজগুলোর আসন, হাতল, বিনোদন ব্যবস্থা, অভ্যন্তরীণ সজ্জা, টয়লেট, মেঝে, লাগেজ রাখার ওভারহেড কেবিন ক্ষতিগ্রস্ত হয়।
এর মধ্যে আছে নতুন ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭ ও দুটি ভাড়া করা উড়োজাহাজ।
রোববার ৯(১৩ ফেব্রুয়ারী )সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব ক্ষতির কথা উল্লেখ করে বলা হয়, সামান্য কয়েক কোটি টাকা লাভের আশায় বিমান ওই উড়োজাহাজগুলোর ব্যাপক ক্ষতি করেছে।
এসব ক্ষতির মোট মূল্যমান প্রায় ১ হাজার কোটি টাকা বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সি ইওকে কমিটির পরবর্তী বৈঠকে এসব ঘটনার বিস্তারিত তুলে ধরতে বলেছে কমিটি। আগামী ১ মাসের মধ্যে পরবর্তী বৈঠক হওয়ার কথা।
বৈঠকে উপস্থিত কমিটির একজন সদস্য বলেন, 'গণমাধ্যমের প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি যে এভাবে উড়োজাহাজগুলোর প্রায় ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।'
তিনি আরও বলেন, 'এর সঙ্গে কোনো সিন্ডিকেট জড়িত কি না, আমরা তাও জানতে চেয়েছি।'
কমিটির পরবর্তী বৈঠকে বিমানের প্রধান নির্বাহীকে এসব প্রশ্নের উত্তর দিতে হবে।
বিষয়টি তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।
-B










