মালয়েশিয়া প্রবেশের শর্ত শিথিল হল

দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় প্রবেশের শর্ত শিথিল করল দেশটির সরকার। যারা ইতোমধ্যে বুস্টার ডোজ গ্রহণ করেছেন এবং কোনো উপসর্গ নেই, তারা কোনো কোয়ারেন্টিন ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।
আগে এক সপ্তাহে কোয়ারেন্টিনের জন্য প্রত্যেক প্রবাসীর প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা খরচ হতো। তবে এর জন্য আরো সহজ কিছু শর্ত রয়েছে, সেগুলো অনুসরণ করতে হবে।
গতকাল শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেডিএন) এক বিবৃতিতে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী খয়েরি জামালুদ্দিন। তিনি আরো বলেন, আমরা বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা ও যথাযথ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী পহেলা মার্চ থেকে যাদের মালয়েশিয়া প্রবেশের বৈধ কাগজপত্র আছে তারা যদি করোনার বুস্টার ডোজ গ্রহণ সম্পন্ন করা থাকে, তাহলে সরাসরি প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। তবে এ সময় করোনা টেস্ট করা বাধ্যতামূলক এবং যদি কোনো উপসর্গ পাওয়া যায়, তাহলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। যারা দুই ডোজ টিকা নিয়েছেন কিন্তু বুস্টার ডোজ নিতে পারেনি তারাও পাঁচ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী খয়েরি জামালুদ্দিন আরো বলেন, আমরা পর্যবেক্ষণে জানতে পেরেছি যারা ইতোমধ্যে বুস্টার ডোজ গ্রহণ করেছেন তারা অনেকটা নিরাপদ। তাদের থেকে নতুন করে সংক্রমণ ঝুঁকি কম। তাই আমরা কোয়ারেন্টিনের শর্ত শিথিল করেছি। পরবর্তীতে পরিস্থিতি মূল্যায়ন করে আরো আপডেট করা হবে। মালয়েশিয়ায় প্রবেশের ৩ দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। যদি এ সময় করোনা নেগেটিভ হন তাহলে তারা যেখানে খুশি যেতে পারেন এবং তার কাজ শুরু করতে পারবেন। আর যদি করোনা পজেটিভ হন তাহলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে যতদিন পর্যন্ত তিনি সুস্থ না হন।
খয়েরি আরো বলেন, যারা মালয়েশিয়ায় আগে সিনোভ্যাকের টিকা গ্রহণ করেছিলেন তাদের অবশ্যই আগামী ৩১ ফেব্রুয়ারির মধ্যে বুস্টার ডোজ গ্রহণ সম্পন্ন করতে হবে। অন্যথায় পহেলা এপ্রিল থেকে তাদের ডোজ গ্রহণের মাইসেহাজাট্রার সার্টিফিকেট বাতিল করা হবে।










