অনলাইন ভিসা চালু করতে মরিশাসকে অনুরোধ

ঢাকায় কোনো দূতাবাস না থাকায় বাংলাদেশীদের জন্য অনলাইন ভিসা চালু করার জন্য মরিশাসের উপ-প্রধানমন্ত্রী লুই স্টিভেন এবোগাডোকে অনুরোধ করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব নয়াদিল্লিতে মরিশাস দূতাবাসের একজন কন্স্যুলার অফিসারকে বাংলাদেশীদের ভিসা দেয়ার জন্য নিয়মিত বিরতিতে ঢাকা পাঠানো অথবা বাংলাদেশে মরিশাসের অনারারি কনসাল নিয়োগের পরামর্শ দিয়েছেন। ঢাকায় অনারারি কনসাল নিয়োগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মরিশাসের উপ-প্রধানমন্ত্রী।
সম্প্রতি লুই স্টিভেন এবোগাডোর সাথে সাক্ষাৎকালে পররাষ্ট্রসচিব এসব প্রস্তাব দেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে মরিশাসের উপ-প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে তার প্রজন্মের মানুষ অনুপ্রেরণা পায়। বাংলাদেশ যেভাবে করোনা মহামারী পরিস্থিতি সামাল দিয়েছে সেটি যেকোনো দেশের জন্য অনুসরণীয়।
তিনি বলেন, পর্যটন হলো মরিশাসের অর্থনীতির জীবনরেখা। তবে করোনা মহামারীর কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মাসুদ বিন মোমেন তাকে বলেন, পর্যটনকে এগিয়ে নিতে হলে ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে।
আলোচনায় পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে পর্যটনের প্রসারের জন্য সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। লুই স্টিভেন এবোগাডো মরিশাস ও বাংলাদেশের মধ্যে পর্যটন সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই করার ওপর গুরুত্বারোপ করেন। এই এমওইউ সই করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।
মাসুদ বিন মোমেন মরিশাসের উপ-প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির শ্রম, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী, বাণিজ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথেও বৈঠক করেছেন।
-B










