বিমান ভাড়া কমাতে শীঘ্রই ব্যবস্থা-প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে বাংলাদেশ থেকে শ্রমজীবী মানুষ যাতায়াত করেন, তাদের পক্ষে বিদ্যমান বিমানভাড়ার বোঝা বহন করা খুবই পীড়াদায়ক। ভাড়া কমানোর বিষয়ে সরকার আন্তরিক, খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যানকে দিয়ে ইতোমধ্যে অন্যান্য এয়ারলাইন্স কোম্পানিকে চাপ দেওয়া হচ্ছে। আর বাংলাদেশ বিমানের ভাড়াও সহনশীল পর্যায়ে আনতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে। শুক্রবার গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের লাহুরি গ্রামে আয়োজিত দু'দিনব্যাপী পৌষ মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাজার বছরের লোকসংস্টৃ্কতিকে মনে করিয়ে দিতে লাহুরি গ্রামে আফজালুন্নেছা সিকদার সামাজিক স্বাস্থ্যকেন্দ্র মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য শহীদুল্লাহ সিকদারের পৃষ্ঠপোষকতায় এই মেলা বসে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর (অব.) আবু নাসের মো. ইলিয়াস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান।










