উত্তরা থেকে আগারগাঁও পৌঁছলো মেট্রোরেল

পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ে পৌঁছলো স্বপ্নের মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিল না। আজ রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৯ মিনিটে এ রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।
এর আগে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়। দিয়াবাড়ি ডিপো এলাকা থেকে সকাল ৯টা ৩৯ মিনিটে মেট্রোরেল ছেড়ে যায় আগারগাঁওয়ের উদ্দেশ্যে। এ উপলক্ষে মেট্রোরেলের মূল অনুষ্ঠান হবে আগারগাঁও স্টেশনে।
মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান জানান, সকাল ৯টা ৩৯ মিনিটে আগারগাঁওয়ের উদ্দেশ্যে মেট্রোরেল ছেড়ে দিয়েছি। এবারের মূল অনুষ্ঠান সেখানে (আগারগাঁওয়ে) হবে। আশা করছি ১১টায় আগারগাঁও স্টেশনে পৌঁছাবে মেট্রোরেলের কোচ।
পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে এর আগেও ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল করেছে স্বপ্নের মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও অংশের দূরত্ব ১১ দশমিক ৫৮ কিলোমিটার। আগামী ২০২২ সালের ডিসেম্বরে এ অংশে বাণিজ্যিক চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)।
উল্লেখ্য যে, গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে উত্তরা দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুর-১২ নম্বর স্টেশন পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু করে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলে।
এ পারফরম্যান্স টেস্ট অন্তত আরও এক মাস চলবে। এরপর শুরু হবে ‘ইন্টেগ্রিটি টেস্ট’। সেখানে মূলত দেখা হবে সব স্টেশনে ট্রেন ঠিকমতো থামছে কিনা, বৈদ্যুতিক সংকেত ও যোগাযোগব্যবস্থা কাজ করছে কিনা। তারপর শুরু হবে বাণিজ্যিক পরীক্ষামূলক চলাচল।
সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলের এ অংশে ২০২২ সালের ডিসেম্বরে যাত্রী পরিবহন করা হবে।










