মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হাত ভাঙলো কেবিন ক্রুর

ঢাকাঃ মাঝ-আকাশে প্রচণ্ড ঝাঁকুনিতে পড়ে হাত ভেঙে গেছে বিমানের কেবিন ক্রু শাবানা আজমী মিথিলার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা ফেরার পথে বোয়িং ৭৩৭, বিজি ১২৮ নম্বর ফ্লাইটে এ ঘটনা ঘটে। পরে মিথিলা জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নেন।
ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন ইন্তেখাব, যিনি ডিপুটি চিফ অব ফ্লাইট সেফটি হিসেবেও কর্মরত আছেন।
জানা যায়, ১৬ হাজার ফুট উঁচুতে নিজের রুটিন কাজ করছিলেন ফ্লাইট স্টুয়ার্ডেস মিথিলা। এমন সময় শুরু হয় অবতরণ প্রস্তুতি। একই স্থানে ইনচার্জ হিসেবে ছিলেন জুনিয়র পার্সার ভেনাস। তবে সিট বেল্টের কোনও ‘আলোক সংকেত’ না এলেও হঠাৎ ফ্লাইটে তীব্র ঝাঁকুনি শুরু হয়—যা প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়। আর এতেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মিথিলা। এতে তার বাম হাত ভেঙে যায়।
বিমান সূত্রে জানা গেছে, ঝাঁকুনির সময় মিথিলা বিমানের পেছনের দিকে দাঁড়িয়ে ছিলেন। তাঁর অপর সহকর্মী নিজ আসনে বসা থাকায় রক্ষা পান।
টার্বুলেন্স শুরু হলে মিথিলা ফ্লোরে পড়ে যান। বেকায়দা হয়ে পড়ে যাওয়ায় তাঁর বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে যায়। তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে হাতের অবস্থা বিবেচনায় অপারেশনের কথা থাকলেও শুক্রবার বন্ধের কারণে তা সম্ভব হয়নি।
-B










