মাঝ আকাশে উড়োজাহাজে মোবাইল বিস্ফোরণ, জরুরি অবতরণ

মাঝ আকাশে উড়োজাহাজে হঠাৎ এক যাত্রীর মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে উড়োজাহাজে জরুরি অবতরণ করানো হয়। কেননা, মাঝ আকাশে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট। ঘটনাটি ভারতের।
সোমবার (১৭ জুলাই ) স্থানীয় সময় দুপুর একটার দিকে দেশটির রাজস্থানের উদয়পুর থেকে দিল্লির উদ্দেশে উড়াল দিয়েছিল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ টি। তাতে মোট ১৪০ জন যাত্রী ছিল। কিন্তু উড়োজাহাজেটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এক যাত্রীর মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর উড়োজাহাজের মধ্যে ধোঁয়া দেখা যায়।
ধোঁয়া দেখে উড়োজাহাজটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। উদয়পুরের বিমানবন্দরেই সেটি নামানো হয়। কয়েকজন যাত্রীকে উড়োজাহাজে থেকে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা। উড়োজাহাজের আনাচ-কানাচে চালানো হয় তল্লাশি। কোথাও অস্বাভাবিক কিছু না পেলে ঘণ্টাখানেক পর আবার যাত্রীদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় উড়োজাহাজ টি। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আর কোনও সমস্যা হয়নি।
উড়োজাহাজে মোবাইল বিস্ফোরণের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালে ভারতের আসামের ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করা একটি উড়োজাহাজে অনেকটা একই ধরনের ঘটনা ঘটেছিল। মাঝ আকাশে এক যাত্রীর মোবাইলে আগুন ধরে গিয়েছিল। ব্যাটারি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাওয়ায় মোবাইলে বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনাতেও কেউ হতাহত হননি। উড়োজাহাজের কর্মীরাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
-B










