ইউক্রেন থেকে পোল্যান্ডে ৬ শতাধিক বাংলাদেশি, আটকে ১শ’

ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড পৌঁছেছেন ৬ শতাধিক বাংলাদেশি। ধারণা করা হচ্ছে, সেখানে আরও প্রায় ১০০ বাংলাদেশি এখন আটকে থাকতে পারেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শুক্রবার (০৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, ইউক্রেনে যারা এখনও আছেন, তাদের বেশির ভাগেরই ফ্যামিলি সেখানে আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, যেখানে বাংলাদেশিরা থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি কেউ থাকে, তাকেও যেন সঙ্গে নেওয়া হয়।
যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে প্রভাব পড়বে কি না জানতে চাইলে সচিব বলেন, নিষেধাজ্ঞার ফলে ফুল রেঞ্জে কি প্রভাব পড়বে, সেটা নিয়ে আলোচনা করছি। আমরা এটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছি। এটা নিয়ে আরো বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।
-B










