পর্যটক সংকটে ধুঁকছে নেপাল

করোনা ভাইরাস মহামারীতে পর্যটননির্ভর হিমালয় দুহিতা নেপালের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে।
পরিস্থিতি এতটাই শোচনীয় যে, এই সময়ে গত ৪৪ বছরের মধ্যে সবচেয়ে কম সংখ্যক পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। চলমান পরিস্থিতি মোকাবিলায় দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ, ভারতের মতো নিকটবর্তী দেশগুলোর পর্যটকদের টানার চেষ্টা করছে।
নেপালের টুরিজম বোর্ডের মুখপাত্র নন্দিনী লাহে থাপা জানান, আশা ছিল ২০২১ সালে দেশের পর্যটনশিল্পে সুদিন আসবে; কিন্তু তা হয়নি। আমরা সব কিছু সতর্কভাবে নজর রাখছি। এ সংকট কাটাতে বাংলাদেশ ও ভারতের মতো আঞ্চলিক বাজারের দিকে নজর দিতে হবে। দেশটির পর্যটন কর্তৃপক্ষের হিসাব
গত বছর দেশটিতে ১ লাখ ৫০ হাজার ৯৬২ বিদেশি পর্যটক ঘুরতে গেছেন। ২০১৯ সালে করোনাপূর্ব সময়ে এর সংখ্যা ছিল ১১ লাখ ৯০ হাজারের বেশি। সেই হিসাবে, মহামারীর ধাক্কায় নেপালে বিদেশি পর্যটক কমেছে অন্তত ৮৭ শতাংশ। ২০২০ সালে পর্যটকদের আকর্ষণ করতে ২০ লাখ ভিসা অনুমোদন দিয়েছিল; কিন্তু ওই বছর তা মাত্র দুই লাখ ৩০ হাজার পর্যটক দেশটি ভ্রমণ করেন। সবশেষ ১৯৭৭ সালে মাত্র ১ লাখ ২৯ হাজার ৩২৯ বিদেশি পর্যটক পেয়েছিল নেপাল।
উল্লেখ্য, নেপালের জিডিপিতে প্রায় ৮ শতাংশ আসে পর্যটন খাত থেকে। করোনার আগে এই খাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন ১০ লাখ ৫০ হাজারের বেশি লোক। ২০২০ সালের মার্চে প্রথম লকডাউনে দেশটির পর্যটনসংশ্লিষ্টরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।










