‘বৈশাখী’ নামেই হবে বর্ষবরণের শোভাযাত্রা

ঢাকাঃ বৈশাখী আনন্দ শোভাযাত্রা এবার নতুন নামে ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বাংলা নববর্ষ উদ্যাপন নিয়ে রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। আগামীতে বৈশাখী শোভাযাত্রা নামেই এই শোভাযাত্রা করা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা পহেলা বৈশাখের শোভাযাত্রা বাংলাদেশি তথা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এটি কোন দলের নয়, সকলের। ফলে এটা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা কোনটাই হবে না, এবার থেকে হবে বৈশাখী শোভাযাত্রা।’
পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ হলেও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
পহেলা বৈশাখে উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশের পাশাপাশি বিএনসিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।
জুলাই স্মৃতি জাদুঘর চালু নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এই জাদুঘরে কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করলেই শিগগিরই চালু হবে।
-B










