ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

ভারতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সই। মুম্বাইয়ের একজনের শরীরে কোভিড-১৯-এর নতুন ধরন শনাক্ত হয়েছে বলে মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নতুন এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি ভয়াবহ।
ভারতে জিনোম সিকোয়েন্সের জন্য ২৩০টি নমুনা পাঠানো হয়েছিল। সেখানেই একটিতে শনাক্ত হয় নতুন এক্সই ভ্যারিয়েন্টটি। আরেকটিতে শনাক্ত হয় কাপ্পা ভ্যারিয়েন্ট। বাকিগুলো ওমিক্রন ছিল।
যুক্তরাজ্যেও করোনাভাইরাসের নতুন এই প্রজাতি চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক এজেন্সি জানায়, এখন পর্যন্ত অনেকের শরীরে এ নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।
এদিকে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী সাংহাইয়ের করোনা পরিস্থিতি। লকডাউন দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
এ অবস্থায় সাধারণ মানুষের করোনা পরীক্ষার জন্য অন্যান্য প্রদেশ থেকে সেনাবাহিনীর সদস্যসহ অন্তত ১০ হাজার স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে দেশটির সরকার। করোনা সংক্রমণ শূন্যের কোঠোয় নিয়ে আসতেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। উহানে করোনার প্রথম ঢেউয়ের পর গেল দুবছরের মধ্যে চীনে এমন খারাপ পরিস্থিতি হয়নি।
এ ছাড়াও ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন সরবরাহ বন্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষার বিষয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে সংস্থাটি। ভারত বায়োটেককে তাদের উৎপাদন কাঠামোর উন্নতি এবং উৎপাদন প্রক্রিয়ার সমস্যাগুলো সমাধানের জন্যই আপাতত সরবরাহ বন্ধ করা হয়েছে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
-B










