ইংল্যান্ড ভ্রমণে লাগবে না করোনা পরীক্ষা

যুক্তরাজ্যে ভ্রমণের শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। যারা করোনাভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়েছেন, তাদের করোনার পিসিআর পরীক্ষার প্রতিবেদন নিয়ে যেতে হবে না।
আজ শুক্রবার (৭ জানুয়ারী) ভোর ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার ।
করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে সংক্রমণ বাড়ছে। এরপরও এমন সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার। অবশ্য ভ্রমণ-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডে বিধিনিষেধ শিথিলের আহ্বান জানিয়ে আসছিল। নতুন সিদ্ধান্ত অনুসারে যারা টিকা নেননি কিন্তু বয়স ১৮ বছরের নিচে, তাদেরও করোনা পরীক্ষা করতে হবে না। এ ছাড়া ইংল্যান্ডে যাওয়ার পর আইসোলেশনে থাকার যে বিধি ছিল, তাও পরিবর্তন করা হচ্ছে।
নতুন নিয়ম অনুসারে এখন অ্যান্টিজেন ল্যাটারাল ফ্লো টেস্ট (এলএফটি) করে নিতে হবে ইংল্যান্ডে পৌঁছার পর। রিপোর্ট না আসা পর্যন্ত যে কোয়ারেন্টাইন বিধি ছিল, তাও আর থাকবে না। তবে ইংল্যান্ডে পৌঁছানোর পর কেউ করোনা পজিটিভ হলে তাকে পিসিআর টেস্ট করতে হবে।
তবে যারা টিকা নেননি, তাদের ক্ষেত্রে বিধি একই থাকছে। যাওয়ার আগে তাদের করোনা পরীক্ষা করতে হবে। যাওয়ার আট দিন পর আবার পিসিআর পরীক্ষা করতে হবে এবং নিজ উদ্যোগে আইসোলেশনে থাকতে হবে।
গত বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, নতুন যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো মূলত ইংল্যান্ডে কার্যকর হবে। যুক্তরাজ্যের অন্য এলাকাগুলো, যেমন উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসও এ পথ অনুসরণ করবে বলে আশা করছেন তিনি।










