ঋণ পরিশোধে বিশেষ ছাড় আর নয়

করোনা কালীন বিপর্যস্ত ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাংকঋণের কিস্তি আদায়ে আর কোনো ছাড় দেবে না কেন্দ্রীয় ব্যাংক। ফলে আগামী জানুয়ারি থেকে ঋণের কিস্তি পরিশোধ না করলে গ্রাহক খেলাপিতে পরিণত হবেন।।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
তিনি বলেন, করোনার কারণে ২০২০ সালজুড়ে কোনো টাকা পরিশোধ না করলেও গ্রাহকদের খেলাপি করা যাবে না এমন সুবিধা দেওয়া হয়েছে। ২০২১ সালের কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপির বাইরে ছিলেন গ্রাহকরা। বেশিরভাগ গ্রাহক এই টাকা পরিশোধ করেছেন। কিছু গ্রাহক এখনো নতুন সুবিধার আশায় রয়েছেন। কিন্তু এই সুবিধা আর বাড়ছে না।
সিরাজুল ইসলাম বলেন, ক্ষুদ্র গ্রাহকদের ঋণ পরিশোধের ক্ষেত্রেও বিশেষ সুবিধার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র ১৫ শতাংশ অর্থের মাধ্যমেই খেলাপি হওয়ার হাত থেকে বেঁচে যাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। এখানে বিশেষ সুবিধা হিসেবে আরও রাখা হয়েছে ১ দশমিক ৫০ শতাংশ প্রভিশনে ঋণ পুনঃতফসিলের সুযোগ। এই সুবিধা শুধু করোনাকালীন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য।
কভিড-১৯ মহামারীর কারণে বেকায়দায় পড়া ব্যবসায়ীদের ২০২০ সাল জুড়ে ঋণের কিস্তি না দিয়েও খেলাপিমুক্ত থাকার সুযোগ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছর সুবিধা কিছুটা কমানো হয়। এ বছর ডিসেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপির বাইরে থাকবে গ্রাহক।
তবে ব্যবসায়ীদরে দাবি, ঋণগুলো খেলাপি হয়ে পড়লে অর্থনীতির ক্ষতি, ব্যাংকের ক্ষতি। ব্যবসায়ীরাও পথে বসবেন। ব্যাংকেরও টাকা আদায় হবে না। খেলাপি ঋণ আরও বাড়বে। এর জন্য আবার ব্যাংকের বাড়তি প্রভিশন সংরক্ষণ করতে হবে।










