বিশ্ববাজারে ফের ৮৮ ডলার ছাড়ালো তেলের দাম
বিশ্ববাজারে ফের ৮৮ ডলার ছাড়ালো তেলের দাম


ঢাকাঃ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও তেলের দাম বাড়তে শুরু করেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৮৮ ডলারে। পাশাপাশি মার্কিন অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ৮২ ডলারে।
মঙ্গলবার (১১ আগস্ট) টানা দ্বিতীয় দিনের মতো তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া শর্তের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেন। এতে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালুর আলোচনা নতুন জটিলতায় পড়েছে।
এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বাড়ার পর মঙ্গলবারও সেই ঊর্ধ্বগতি অব্যাহত থাকে।
বিশ্লেষকদের মতে, গত ৩১ জুলাইয়ের পর ব্রেন্ট ও ডব্লিউটিআই- উভয় ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের এটিই সর্বোচ্চ মূল্য। হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা বজায় থাকতে পারে।










