তৈরি হলো ওমিক্রন গাইডলাইন

ওমিক্রন শনাক্ত বেশি হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেছেন, স্বাস্থ্য অধিদফতর ওমিক্রনের গাইডলাইন তৈরি করেছে। শিগগিরই স্বাস্থ্যবিষয়ক অন্যান্য প্রতিষ্ঠানকে নতুন গাইডলাইন সরবরাহ করা হবে। তিনি বলেন, ওমিক্রনের অন্য উপসর্গ কী আছে তা বের করতে কাজ চলছে। তিনি বলেন, তারপরও বলব, করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে টিকা কর্মসূচি কাজ করছে জানিয়ে অধ্যাপক নাজমুল বলেন, গত মঙ্গলবার পর্যন্ত দেশে ৯ কোটি ৫৪ লাখের বেশি মানুষকে এক ডোজ টিকা দেয়া হয়ে গেছে। এ ছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ কোটি ৫৭ লাখের বেশি মানুষ। বুস্টার ডোজ নিয়েছেন ১২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘গতকাল পর্যন্ত এক কোটি ৩৬ লাখের বেশি শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ১৭ লাখ ৪৬ হাজার শিক্ষার্থীকে। স্কুলগুলোতে টিকাপ্রাপ্তি নিয়ে সমস্যা নেই। সরকারের কাছে পর্যাপ্ত টিকা মজুদ আছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথাযথ চাহিদা ঠিকমতো স্বাস্থ্য অধিদফতরের কাছে পৌঁছে দিলে সে অনুযায়ী টিকা সরবরাহ করা হবে।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে টিকা নেয়া, সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করা, নিয়মিত হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাত্যহিক কাজ করা সম্ভব হলে করোনা মহামারী নিয়ন্ত্রণ সম্ভব হবে। মাস্ক আমার, সুরক্ষা সবার। তিনি বলেন, ‘দেশবাসীর কাছে আবেদন স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কোনো অবস্থাতেই শিথিলতা দেখানো যাবে না। রোগীর সংখ্যা বাড়লে চাপ বাড়বে। আমাদের যে সীমিত সম্পদ আছে, তার সর্বোত্তম ব্যবহার করা কঠিন হয়ে পড়বে।’
এ দিকে স্বাস্থ্য অধিদফতরের দৈনিক করোনা রিপোর্টে গতকাল বুধবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।
-B










