পদ্মা সেতু উদ্বোধন ২৫ জুন

আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ মে)সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই নামকরণ করা হবে পদ্মা সেতু।
ওবায়দুল কাদের বলেন, যারা বেশি বিরোধিতা করেছে তাদেরকেই উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে আমন্ত্রণ জানানো হবে।বিএনপি নেতাদেরও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
তিনি বলেন, সেতুর কারণে ভাগ্যের দুয়ার খুলছে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের। খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে এতদিন বিচ্ছিন্ন করে রেখেছিল পদ্মার বিপুল জলরাশি। উন্নয়নের সামনে যে পদ্মা এতকাল দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল সেখানে বাস্তবে রূপ নিয়েছে স্বপ্নের পদ্মা সেতু।
দুই যুগের বেশি সময় ধরে প্রমত্তা পদ্মার ওপর একটি সেতুর অপেক্ষায় ছিলেন অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তাই পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণা ঢাকা বিভাগের পাঁচ জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অন্যরকম আনন্দের। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি ঘটবে, তা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিপুল প্রসার ঘটাবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নতুনমাত্রা যোগ করবে সেতুটি। সরেজমিনে দেখা গেছে, সেতুর দুইপাড়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। শরীয়তপুর প্রান্তের জাজিরায় গড়ে উঠছে রেস্টুরেন্ট, রিসোর্ট, হোটেল, মোটেলসহ বিলাসবহুল বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
-B










