আস্ত ট্রেন ঠেলেই সরিয়ে দিলেন যাত্রীরা!

মানুষ যেমন যুদ্ধ বাঁধাতে পারে, আনবিক বোমা ফেলে মুহূর্তে নিশ্চিহ্ন করতে পারে পৃথিবীকে, তেমনই সে-ই ওড়াতে পারে শান্তির পারাবৎ। মানুষকে বিপদ থেকে বাঁচায় তো মানুষই। তেমনই এক ঘটনার সাক্ষী হয়ে থাকল ভারতের উত্তরপ্রদেশের একটি রেলওয়ে স্টেশন।
আগুন লেগেছিল একটি যাত্রীবাহী ট্রেনের দু’টি বগিতে। অপর বগিগুলো যাতে আগুন ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা করলেন যাত্রীরাই। সবাই মিলে ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে দিলেন ওই বগিগুলোকে। মীরাটের দৌরালা স্টেশনের ঘটনা। আগুন লেগে যায় উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে দিল্লিগামী একটি যাত্রীবাহী ট্রেনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌরালায় প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেনটির ইঞ্জিনের পেছনের দু’টি বগিতে আগুন ধরে যায়। যাত্রীদেরই চোখে পড়ে আগুন। তখন ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন তারা। চালককে সতর্ক করেন। এরপর চিন্তা বাড়ে পরের বগিগুলোর যাত্রীদের নিয়ে। আগুনের তেজ বৃদ্ধির সাথে সাথে পেছনের বগিগুলোর যাত্রীরাও হুড়মুড় করে ট্রেন থেকে নেমে পড়েন।
দমকল বাহিনী কাজ শুরু করলেও আগুন দ্রুত পরবর্তী বগিগুলোর দিকে যাচ্ছিল। এই সময়েই অভিনব ঘটনা ঘটান অগ্নিদগ্ধ ট্রেন থেকে নামা উপস্থিত যাত্রীরা। তারা আগুন থেকে রক্ষায় বগিগুলোকে ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।
এমনিতে বিকল চার চাকার গাড়ি ধাক্কা মেরে সরানো নতুন ঘটনা নয়। তাই বলে ট্রেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া! এমন ঘটনা আসলেই বিরল। সেই বিরল ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই প্রশংসা করছেন ওই যাত্রীদের।
-B










