এনআইডি অনুযায়ী হবে পাসপোর্ট

এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী পাসপোর্ট সংশোধন করা যাবে। পাসপোর্টে যদি নাম ভুল থাকে তাহলে সেটা আগে এনআইডি সংশোধন করে নিতে হবে।
সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ। পরিপত্রে বলা হয়েছে- বাংলাদেশের অভ্যন্তরে পাসপোর্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপোর্টের মধ্যে গরমিল হলে যথাযথ প্রমাণের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট প্রদান করা যাবে।
এ ছাড়া পাসপোর্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশোধনপূর্বক পাসপোর্ট রি-ইস্যু আবেদন নিষ্পত্তিকরণে সুরক্ষাসেবা বিভাগের গত ২৮ এপ্রিল জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।
পরিপত্রটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক, প্রতিরক্ষা গোযেন্দা মহাপরিদফতরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, জন্ম-মৃত্যু রেজিস্ট্রার জেনারেল, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালককে দেয়া হয়েছে।
উল্লেখ্য, পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষকে জটিলতায় পড়তে হচ্ছে। এরই মধ্যে হাজার হাজার পাসপোর্ট সংশোধনের আবেদন পাসপোর্ট অধিদফতরে আটকে আছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আবেদন করেও পাসপোর্ট হাতে না পেয়ে হতাশ হচ্ছেন অনেকে। এর কারণ হিসেবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর বরাবরই বলছে, ই-পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামসহ অন্যান্য তথ্য না মিললে পাসপোর্ট প্রক্রিয়া হয় না।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, দেশ থেকে যারা পাসপোর্টের আবেদন করবেন, তাদের দেয়া তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নাম, পিতা-মাতার নাম ও বয়স মিল থাকতে হবে। যদি তথ্যে গরমিল থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের তথ্যই গ্রহণ করা হবে।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে পাসপোর্ট আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য অভিন্ন থাকতে হবে। তথ্যে মিল না থাকলে পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না। সে ক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে জাতীয় পরিচয় সংশোধন করে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।










