অস্ট্রেলিয়া উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত

ঢাকাঃ অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) একটি ছোট উড়োজাহাজ সমুদ্রে বিধ্বস্ত হয়ে ৩ আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লং বে এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে পুলিশ আরো জানায়, উড়োজাহাজে থাকা পাইলটসহ ৩ পুরুষ আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করার পাশাপাশি উড়োজাহাজের ধ্বংসাবশেষ তীরে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা শনিবার (৭ ফেব্রুয়ারি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্স-এ প্রচার করে স্থানীয় সংবাদমাধ্যম। তাদের দাবি, উড়োজাহাজটির সামনের দিক আগে সমুদ্রের দিকে আছড়ে পড়ছে।
-B










