ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ

ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ।
শনিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এক বৈঠকে এ অনুরোধ করেন।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বিমান ও আন্তর্জাতিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যানি পেটসঙ্কের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় শহীদুল ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ বাড়াতে ফ্লাইট পুনরায় চালু করার অনুরোধ করেন।
এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশনের (এফএএ) ক্যাটাগরি-১ ছাড়পত্র ছাড়া যুক্তরাষ্ট্রে কোনো দেশের এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতে পারে না। এই ছাড়পত্র না থাকায় দীর্ঘদিন ধরে নিউইয়র্কের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে বিমান ফেডারেল এভিয়েশনের সঙ্গে একটি চুক্তি সই করেছে।
উল্লেখ্য, লোকসানের কারণে ২০০৬ সালে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান। এখন আবার এ রুটে বিমান যোগাযোগ চালু করতে চায় বাংলাদেশ।
-B










