পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক হেলিপ্যাড
প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর মেঘের রাজ্য খ্যাত রাঙ্গামাটির সাজেকের জিরোপয়েন্টের পাশে থাকা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৫ নভেম্বর কর্তৃপক্ষ সংস্কার কাজের জন্য নিরাপত্তাজনিত কারণে হেলিপ্যাডে পর্যটক ও জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, আগে প্রায় সময় পর্যটকরা বাইক ও গাড়ি এসব নিয়ে সাজেকের হ্যালিপ্যাডে উঠে যেত। এ কারণে হেলিপ্যাডের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই কর্তৃপক্ষ হেলিপ্যাডের চারপাশে তারের বেড়া নির্মাণ করে গাড়ি উঠতে না পারে মতো ব্যবস্থা করেছে। একইসঙ্গে কিছু জায়গায় সংস্কার কাজ শেষে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাজেকের হেলিপ্যাড বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাজেকে এটিই একমাত্র জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারেন পর্যটকরা। এই হেলিপ্যাডের চারপাশে রয়েছে অনেকগুলো খাবার দোকান। হেলিপ্যাডে দাঁড়ালে সূর্যোদয়-সূর্যাস্তের পাশাপাশি উপভোগ করার সুযোগ হয় বিশাল পাহাড় আর মেঘের লুকোচুরি। হেলিপ্যাডের পাশেই রয়েছে সাজেক জিরো পয়েন্ট। হেলিপ্যাড খুলে দেওয়াতে বেড়েছে পর্যটক উপস্থিতি এবং এতে স্বস্তি প্রকাশ করেছেন দোকানিরা।
-B










