বাংলাদেশে আসছে সফটব্যাংক

মোবাইল ফোনে আর্থিক সেবার শীর্ষস্থানীয় কোম্পানি বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনে নিয়ে বাংলাদেশের বাজারে আসছে জাপানের প্রযুক্তি খাতের বৃহত্তম বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক।
বিকাশের অধিকাংশ শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে বর্তমান শেয়ারহোল্ডারদের সাথে সফটব্যাংকের শেয়ার হস্তান্তরের চুক্তি অনুমোদন করেছে।
বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক বুধবার বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য প্রকাশ করে। তবে এই লেনদেনের আর্থিক পরিমাণ সেখানে প্রকাশ করা হয়নি।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বিকাশের প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধরনের শেয়ারেই বিনিয়োগ করবে সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে বিকাশে ব্র্যাক ব্যাংকের অংশীদারিত্বে কোনো পরিবর্তন আসছে না।
এর মানে হল, সফটব্যাংক বিকাশের বর্তমান বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কেনার পাশাপাশি নতুন ইস্যু করা শেয়ারও পাবে। তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারে যেহেতু পরিবর্তন আসছে না, সফটব্যাংকের কাছে বিক্রি হবে বিকাশের অন্য শেয়ার হোল্ডারদের হাতে থাকা শেয়ার।
তবে কারা শেয়ার বিক্রি করছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে।










