স্পিরিট ও ফ্রন্টিয়ার এয়ারলাইনস একীভূত হচ্ছে

স্পিরিট ও ফ্রন্টিয়ার এয়ারলাইনস একীভূত হচ্ছে। মার্কিন স্বল্প ব্যয়ের দুই উড়োজাহাজ পরিবহন সংস্থা ২৯০ কোটি ডলারের চুক্তিতে যৌথ প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ারের মালিক হবে ফ্রন্টিয়ার।
এ চুক্তির মাধ্যমে ফ্রন্টিয়ার যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সংস্থা হয়ে উঠবে বলে আসা করা হচ্ছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে এ লেনদেন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের গন্তব্যগুলোয় কম খরচে আরো বেশি ভ্রমণকারী পরিবহন করা সম্ভব হবে।
ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ও স্পিরিট এয়ারলাইনস আশা করছে, এর মাধ্যমে ভোক্তাদের বার্ষিক ১০০ কোটি ডলার সঞ্চয় হবে। সংস্থাগুলো পরিষেবা প্রসারিত করতে ৩৫০টিরও বেশি উড়োজাহাজের ক্রয়াদেশ দেবে। পাশাপাশি সংস্থাগুলোয় আরো কর্মসংস্থানও তৈরি হচ্ছে। ২০২৬ সালের মধ্যে ১০ হাজার নতুন কর্মসংস্থান এবং ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছে সংস্থা দুটি।
চুক্তির অধীনে বিদ্যমান ফ্রন্টিয়ার শেয়ারহোল্ডাররা একীভূত প্রতিষ্ঠানের প্রায় ৫১ দশমিক ৫ শতাংশ এবং বিদ্যমান স্পিরিট শেয়ারহোল্ডাররা প্রায় ৪৮ দশমিক ৫ শতাংশের মালিক হবে।
স্পিরিট শেয়ারহোল্ডাররা তাদের মালিকানাধীন প্রতিটি বিদ্যমান স্পিরিট শেয়ারের জন্য ফ্রন্টিয়ারের ১ দশমিক ৯১৬ শেয়ার এবং ২ ডলার ১৩ সেন্ট নগদ অর্থ পাবেন।
স্পিরিট এয়ারলাইনসের প্রধান নির্বাহী টেড ক্রিস্টি বলেন, এ চুক্তির প্রধান লক্ষ্য আক্রমণাত্মক অতি-নিম্ন ব্যয়ে যাত্রী পরিবহন করা। এর মাধ্যমে আমাদের সহকর্মীদের ক্যারিয়ারের সুযোগ বিস্তৃত হবে এবং এ খাতে প্রতিযোগিতামূলক চাপ তৈরি হবে।
ফ্রন্টিয়ারের প্রধান নির্বাহী ব্যারি বিফল বলেন, আমাদের মতো প্রতিযোগিতামূলক শিল্পে সর্বনিম্ন ব্যয় সব সময়ই জয়ী হয়। এখন থেকে আমাদের গ্রাহকরা আরো কম খরচে ভ্রমণ করতে পারবেন।
-B










