সেন্টমার্টিন ভ্রমণ দুই দিন বন্ধ

দেশব্যাপী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৬ ডিসেম্বর।
প্রবাল দ্বীপ খ্যাত কক্সবাজারের টেকনাফেও এখন চলছে শেষ সময়ের নির্বাচনী প্রচার। দেশের অন্যান্য স্থানের মত ২৬ ডিসেম্বর এখানেও অনুষ্ঠিত হবে টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।এছাড়া বৈরী আবহাওয়ার কারণে প্রথম ধাপে স্থগিত থাকা সেন্টমার্টিনেও একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে (২৫ ও ২৬ ডিসেম্বর) দুইদিন পর্যটক প্রবেশ ও পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বাংলাদেশ মনিটরকে বলেন, নির্বাচন ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর এ রুটে কোন পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। তবে ২৫ ডিসেম্বর দ্বীপে কোনও পর্যটক থাকলে জাহাজ পাঠিয়ে তাদের নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। ২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছড়া ইউনিয়ন পরিষদে ভোট হবে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।










