সেন্টমার্টিন: সারা রাত সমুদ্রে ভেসে ভোরে ফিরল জাহাজ

৪০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় ইঞ্জিন বিকল হয়ে ১৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিল জাহাজ। বঙ্গোপসাগরের ঠিক মাঝে আটকা পড়া কর্ণফুলী জাহাজ অবশেষে ১৪ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার বিএমডব্লিউ ঘাটে পৌঁছায়। যদিও রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পৌঁছানোর কথা ছিল জাহাজটির।
এর আগে বুধবার দুপুর ২টাই জাহাজটি সেন্টমার্টিন ছাড়ে।
যাত্রীদের দাবি, জাহাজটির ধারণ ক্ষমতা ৪০০ জনের হলেও এক হাজারের মতো যাত্রী বহন করে। সমুদ্রে আটকে থাকার সময় যাত্রীদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থার নেওয়ার কথা জানালেও খাবার দেওয়া হয়নি। ছিল না লাইফ জ্যাকেটের ব্যবস্থা। এ নিয়ে সকলেই সারারাত আতঙ্কে ঘুমহীন রাত কাটিয়েছেন।
জানা গেছে, ওই জাহাজের এক কর্মকর্তা ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হওয়ার কথা স্বীকার করায় কর্তৃপক্ষ তাকে সরিয়ে দেয়।
ঘাটে পৌঁছে জাহাজের এক যাত্রী বলেন, বুধবার দুপুর ২টায় জাহাজে ওঠার পর কিছুদূর আসার পর কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত পানি না থাকায় জাহাজ চলবে না। পরে দীর্ঘ সময় কর্তৃপক্ষ যাত্রীদের কিছুই জানায়নি।
এর আগে ট্যুর অপারেটর সদস্য কাজল আহমদ সাংবাদিকদের বলেন, সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় জাহাজের ইঞ্জিল বন্ধ হয়ে যায়। তখন জাহাজের নাবিক আমাদের বার্তা পাঠান তারা সমুদ্রের মাঝে আটকে গেছেন। সঙ্গে সঙ্গে আমরা এ খবরটি চারদিকে ছড়িয়ে দেই।










