বিতর্কে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকাঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (৭ ফেব্রুয়ারি) পর্দা উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের। শ্রীলঙ্কার কলম্বো এবং ভারতের কলকাতায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
কলকাতার খ্যাতনামা ইডেন গার্ডেন্সে প্রথম দিনেই আজ মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। তবে নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে।
ফলে ৩০ বছর পর বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে।
আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও ভারতের উগ্রবাদী কিছু সংগঠনের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর ধারাবাহিকতায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে একাধিক আলোচনার পরও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।
সংস্থাটির দাবি, তাদের স্বাধীন মূল্যায়নে কোনো ‘যাচাইযোগ্য হুমকি’ পাওয়া যায়নি। পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।
২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে এখন পর্যন্ত ৯টি আসরে বাংলাদেশ উপস্থিত ছিল। কিন্তু দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার কেবল দর্শক হয়েই থাকতে হচ্ছে।
অবশ্য বিশ্বকাপে না থেকেও আছে বাংলাদেশ! বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন।
শরফুদ্দৌলা ইবনে সৈকত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন। তিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। গাজী সোহেল এবারই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন।
এছাড়া ধারাভাষ্যকারদের তালিকাতেও রয়েছে বাংলাদেশের আতহার আলির নাম। বিশ্বব্যাপী পরিচিত এই ধারাভাষ্যকার নিয়মিত বিভিন্ন সিরিজ ও বিশ্বকাপে ধারাভাষ্য প্রদান করেন।
বিশ্বকাপের প্রথম দিনে তিনটি ম্যাচ মাঠে গড়াবে। বেলা সাড়ে ১১টায় কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নেদারল্যান্ডস ও পাকিস্তান। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ম্যাচ মাঠে গড়াবে বেলা তিনটায়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে বাংলাদেশের তিন ম্যাচই ছিল কলকাতায়। বাকি ম্যাচটি মুম্বাইয়ে।
এদিকে, বাংলাদেশ খেলছে না বলে কলকাতার ইডেন গার্ডেনে খেলাগুলোর টিকিট বিক্রিতে ধস নেমেছে। ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলেছে, টিকিটের লাইনে কোন লাইন নেই। কারও আগ্রহই নেই বিশ্বকাপকে ঘিরে! ইডেন গার্ডেন্সে সব মিলিয়ে ৬৫ হাজার আসন। এখনও পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি। স্কটল্যান্ড-ইতালি ম্যাচে মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি হয়েছে।
ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২ হাজার ৭৫ টিকিট বিক্রয় হয়েছে। দুইদিন পর হয়তো টিকিট বিক্রয়ের সংখ্যটা একটু বাড়তে পারে। সবমিলিয়ে বাংলাদেশ না যাওয়ায় বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকেই।
-B










