গাড়ি তুলে নিচ্ছে টেসলা, শেয়ারে ধস

ত্রুটি ধরা পড়ায় পৌনে পাঁচ লাখ গাড়ি বাজার থেকে তুলে নিতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। কোম্পানিটির মডেল এস ও মডেল থ্রি গাড়িগুলোয় এই ত্রুটি শনাক্ত হয়।
এদিকে গাড়ি তুলে নেওয়ার খবরে পড়ে গেছে টেসলার শেয়ারের দাম। সম্প্রতি টেসলার জনপ্রিয় মডেল এস এবং মডেল থ্রি বৈদ্যুতিক গাড়িগুলোর কিছু ত্রুটি শনাক্ত করে মার্কিন সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনসট্রেশন।
জানানো হয়, মডেল এস গাড়ির ত্রুটি রয়েছে ট্রাংকে। এতে চালকের নিয়ন্ত্রণের বাইরে আকস্মিকভাবে খুলে যায় সামনের হুড। দৃষ্টি বাধাগ্রস্ত হয়ে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। এছাড়া মডেল থ্রি গাড়ির রিয়ারভিউ ক্যামেরায় সমস্যার কথাও জানায় সংস্থাটি।
অবশ্য এই ত্রুটির কারণে এ পর্যন্ত তাদের কাছে কোনো দুর্ঘটনার তথ্য নেই বলে দাবি করে টেসলা। তবে মডেল থ্রি’র ৩ লাখ ৫৬ হাজার ৩শ’ ৯টি এবং মডেল এস এর ১ লাখ ১৯ হাজার গাড়ি বাজার থেকে তুলে নেয়ার কথা জানায় মার্কিন কোম্পানি।
সম্প্রতি বেশ কিছু ইস্যুতে বিশ্বের সবচেয়ে সম্পদশালী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চালায় এনএইচটিএসএ। সংস্থাটির আপত্তির কারণে গত ফেব্রুয়ারিতে গাড়ি থেকে চলন্ত অবস্থায় ভিডিও গেম খেলার ফিচার সরিয়ে নিতে বাধ্য হয় টেসলা।
এদিকে গাড়ি প্রত্যাহারের খবরে শেয়ারের দর পড়ে গেছে টেসলার। বৃহস্পতিবার নিউইয়র্কের শেয়ারবাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এক দশমিক এক শতাংশ কমে বিক্রি হয় এক হাজার আটাশি দশমিক ছিয়াত্তর ডলারে।










