ভিসা জটিলতা সমাধানে পদক্ষেপ নিয়েছে পর্তুগাল সরকার

দ্রুত সময়ে ভিসা ত্বরান্বিত করাসহ সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করছে পর্তুগাল সরকার। এর উদ্দেশ্য হলো— ভিসা আবেদনসংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজ করা যাতে দ্রুত অনুমোদন ত্বরান্বিত করা যায় এবং সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া অনুসরণ করা যায়।
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন প্রবাহ সংগঠিত করার প্রয়োজনীয়তা, মানবপাচারের বিরুদ্ধে লড়াই, সেই সঙ্গে পর্তুগালে বিদেশি নাগরিকদের প্রবেশ ও বসবাস করার শর্তাবলির নিয়ন্ত্রণ এবং সুবিন্যস্তকরণ বিবেচনা করে এ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটি গঠনের আদেশে আরও উল্লেখ করা হয়, কমিটির ‘মিশন’ হলো— ভিসা প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থায়ী যোগাযোগের চ্যানেল স্থাপন করা।
বিদেশি এবং বর্ডার সার্ভিস (সেফ), ইনস্টিটিউট অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং (আইইপি) পর্তুগিজ পর্যটন কর্তৃপক্ষসহ ৬টি সরকারি প্রতিষ্ঠান এই কমিটির অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন করে এই কমিটির সদস্য থাকবেন।
বিষয়টি গত ২ আগস্ট পর্তুগিজ সরকারের ওয়েবসাইটে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদেশটি বুধবার থেকে কার্যকর হবে এবং পাঁচ কার্যদিবসের মধ্যে ওয়ার্কিং গ্রুপের সদস্যদের নিয়োগ করতে হবে।
উল্লেখ্য, পর্তুগালে কর্মক্ষেত্রে যোগ্যলোকের যথেষ্ট সংকট রয়েছে। এই সংকট মেটানোর জন্যই ইউরোপের এই দেশটি অভিবাসন প্রক্রিয়া অনেকটা সহজ করে রেখেছে।
-B










