ডলারের দাম এক দিনে রেকর্ড বৃদ্ধি

টানা পাঁচ সপ্তাহ স্থির থাকার পর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে আবার ডলারের দাম বাড়ল। এবার এক লাফে বেড়েছে ২৫ পয়সা, যা এক দিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। গতকাল (২৭ এপ্রিল) আন্তঃব্যাংকে ডলারের দাম উঠে ৮৬ টাকা ৪৫ পয়সা। খোলাবাজারের ডলারের দাম আরও চড়া, প্রায় ৯৩ টাকা। এছাড়া ব্যাংকেও নগদ ডলারের দাম এখন ৯১ টাকা।
সংশ্লিষ্টরা জানান, প্রবাসী আয়ের নিন্মমুখী প্রবণতা ও আমদানি ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধিতে গত বছরের আগস্ট থেকে ঊর্ধ্বমুখী রয়েছে ডলারের দাম। ফলে প্রতিনিয়ত ডলারের বিপরীতে টাকার মান কমে যাচ্ছে। এতে রপ্তানিকারক ও রেমিটাররা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারক ও সাধারণ মানুষ। কারণ ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি খরচ বাড়লে পণ্যমূল্যও বাড়ে। এরই মধ্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেশ বেড়েছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর থেকে দেশে অস্বাভাবিক গতিতে বাড়ছে বিভিন্ন পণ্যের আমদানি। মূলধনি যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, শিল্পের মধ্যবর্তী পণ্য, খাদ্যপণ্য, জ্বালানি তেলসহ সব পণ্যের আমদানিই এখন বেশ ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে পণ্য আমদানি বেড়েছে প্রায় সাড়ে ৪৯ শতাংশ। একই সময়ে বিভিন্ন পণ্যের এলসি বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। ফলে আমদানিতে ডলারের চাহিদা বেশ বেড়েছে। কিন্তু ব্যাংকের কাছে ডলার আসার উৎস রেমিট্যান্স প্রবাহ কমছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রেমিট্যান্স কমেছে প্রায় ১৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ২ আগস্ট আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৪ টাকা ৮১ পয়সায় বিক্রি হয়, যা বাড়তে বাড়তে গত ২৩ মার্চ ৮৬ টাকা ২০ পয়সা ওঠে। এরপর টানা পাঁচ সপ্তাহ এই দামেই স্থির ছিল ডলারের দাম। তবে গতকাল (২৭ এপ্রিল) এক লাফে ২৫ পয়সা বেড়ে ৮৬ টাকা ৪৫ পয়সায় উঠেছে।
-B










