বরফে ঢাকা পুরো বিমানবন্দর, ফ্লাইট চলাচল বন্ধ
ইউরোপ ও এশিয়ার সংযোগ স্থাপনকারী দেশ তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর তীব্র তুষারপাতের কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
তুষারপাতের পর পুরো বিমানবন্দর বরফে ঢেকে যাওয়ার কারণে সোমবার (২৪ জানুয়ারি) কর্তৃপক্ষ ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর বিশ্বের অন্যতম বৃহৎ এবং ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। তুরস্ক ও গ্রিসসহ ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় বিস্তৃত এলাকায় সম্প্রতি যে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে তারই জেরে বিমানন্দরটিতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
তুষারপাতের কারণে সোমবার প্রাথমিকভাবে তুর্কি সময় মঙ্গলবার ভোর চারটা (বাংলাদেশ সময় সকাল ৭টা) পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ফ্লাইট চলাচল বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়ে স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা) পর্যন্ত নির্ধারণ করা হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
-B










