গতির নতুন রেকর্ড গড়বে পাখা ট্রেন!

ওজন কমিয়ে গতিবেগ বাড়াতে চীনের বুলেট ট্রেনে এবার পাখা গজাচ্ছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের রেলপথে ট্রেনের ছাদে পাখা সংযুক্ত করে এ গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা।
সিআর ৪৫০ প্রকল্পের অংশ হিসাবে সংযুক্ত হবে উচ্চগতি ও নতুন প্রজন্মের এ ট্রেন।
গবেষণা প্রকৌশলী ঝাং-এর নেতৃত্বে গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন প্রতিটি ট্রেনের ক্যারেজে পাঁচ জোড়া ছোট ডানা যোগ করলে সেগুলো লিফট হিসেবে কাজ করবে এবং ট্রেনের ওজন কমে আসবে এক-তৃতীয়াংশ। তখন এর গতিবেগ হবে ঘণ্টায় ৪৫০ কিলোমিটার।
চীনের উচ্চগতির রেল নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের দ্রুততম। এর বর্তমান বুলেট ট্রেনগুলোর গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। উদ্ভাবিত প্রস্তাবনা অনুযায়ী বেইজিং থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। আর বেইজিং থেকে ৫ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে গুয়াংজু।
হাইস্পিড ট্রেনে পাখা লাগানোর ধারণাটি নতুন নয়। জাপানি প্রকৌশলীরা ১৯৮০-এর দশকে এমন একটি ট্রেনের প্রস্তাব দিয়েছিলেন, যার পাশ থেকে প্লেনের মতো ডানা প্রসারিত হয়েছিল। অবশেষে দুই দশক পরে এর একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল। কিন্তু ওই প্রয়াসটির ব্যবহারিক প্রয়োগ ব্যর্থ হয়েছিল নিরাপত্তা বেষ্টনী এবং টানেলের মতো বিদ্যমান অবকাঠামোগত ত্রুটির কারণে। তবে, ঝ্যাং এবং তার দল একটু ভিন্ন কিছু প্রস্তাব নিয়ে এসেছে।
ট্রেনের পাশে একজোড়া দৈত্যাকার ডানা রাখার পরিবর্তে ট্রেনের ছাদের ছোট ডানা কোনো কিছ–র সঙ্গে সংঘর্ষের ঝুঁকি ছাড়াই যথেষ্ট শক্তি তৈরি করতে সমর্থ হবে।
এ ক্ষেত্রে, তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ডানাগুলো সাবধানে ডিজাইন এবং ইনস্টল করা দরকার। গবেষকরা অনুমান করেছেন, ছাদের ওপর ডানাগুলো ১.৫ থেকে ২ মিটার (৪.৯ থেকে ৬.৫ ফুট) পর্যন্ত প্রসারিত করার জন্য যথেষ্ট পরিসর রয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী যদি ট্রেনটি তৈরি হয় তবে এটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কাজ করবে।










