সিলেট থেকে জেদ্দা গেল প্রথম হজ ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
গতকাল মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ।
তিনি জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করা হবে।
এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরব যায়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানের ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।
তখন বিমানের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধু হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। এই পরিপ্রেক্ষিতে গতকাল প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়।
-B










