সাউদিয়ার সেই ফ্লাইট ছাড়ল ২০ ঘণ্টা পর
হজযাত্রীদের চরম দুর্ভোগ

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) একটি ফ্লাইট ২০ ঘণ্টা বিলম্বে দেশ ছেড়েছে।
এ ছাড়া ফ্লাইটের নির্দিষ্ট সময়ে ৮ ঘণ্টা আগে হজযাত্রীদের ক্যাম্পে আসতে হয়। সৌদি যেতে আরো ৬ ঘণ্টা লেগে যায়। সে হিসাবে একটানা ৩৪ ঘণ্টার ভোগান্তি পোহাতে হয়েছে হজযাত্রীদের। এভাবে ফ্লাইট বিলম্ব হলেও আগে থেকে যাত্রীদের জানায়নি সৌদি এয়ারলাইন্স। হজযাত্রীদের কেন এত কষ্ট দেয়া হলো জানতে সৌদিয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসভি ৩৮০৯) শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটি সময়মতো ছেড়ে যায়নি। এতে চার শতাধিক যাত্রী ছিলেন। পরে এটি গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
এর আগেও গত ১৭ জুন সাউদিয়ার আরেকটি ফ্লাইট নির্ধারিত সময় থেকে প্রায় ১০ ঘণ্টা দেরিতে ছাড়ে, তখন হজযাত্রীদের ২৪ ঘণ্টার দুর্ভোগ পোহাতে হয়েছে।
ফ্লাইট বিলম্বের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি-৩৮০৯ ফ্লাইটটি কেন বিলম্বে ছেড়েছে এর কারণগুলো মন্ত্রণালয়কে অতীব জরুরি ভিত্তিতে অবহিত করার নির্দেশ দেয়া হলো।
জামালপুরের সেলিম আহমেদ নামে একজন হজযাত্রী বলেন, আমরা বৃহস্পতিবার রাতেই জামালপুর থেকে ঢাকায় এসে হজক্যাম্পে যাই। তবে নির্ধারিত সময়ের পর ফ্লাইট না ছাড়ায় আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
প্রথমে এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদের খাওয়া-দাওয়া নিশ্চিত করাসহ কোনো খোঁজখবর নেয়া হয়নি। তবে হজ অফিসে অভিযোগ জানালে শনিবার বিকেলে উত্তরার একটি হোটেলে নিয়ে যায়।
৪০ হজযাত্রীর ভিসা হয়নি : ফ্রিডম হজ গ্রুপ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস নামে একটি বেসরকারি এজেন্সির অধীনে এবার মোট ৬২ জনের হজে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ৪০ জনেরই ভিসা করেনি ওই হজ এজেন্সি। এজন্য তাদের বিমান টিকিট বুকিং দিয়েও পরে বাতিল করেছে এজেন্সি। এ কারণে ওই হজযাত্রীরা বিপাকে পড়েছেন। তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে ওই এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়।
-B










