নতুন সাজে সাজছে অভ্যন্তরীণ টার্মিনাল

নতুন সাজে তৈরি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ভবন। অভ্যন্তরীণ যাত্রীদের চাপ সামাল দেওয়ার পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নতুন এই প্রকল্পে থাকছে আন্তর্জাতিক মানের ২টি লাউঞ্জ, ৩০০ যাত্রী বসার ব্যবস্থা, স্মোকিং রুম, ডায়াপার চেঞ্জিং স্টেশন, মাদারস কর্নার ও প্রেয়ার রুম।
বিমানবন্দর কর্র্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বেবিচকের ইজারা নীতিমালা অনুযায়ী একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ও দুটি ব্যাংকের যাত্রীসেবা লাউঞ্জ স্থাপনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চলমান এই প্রকল্পে বেবিচকের কোনো আর্থিক ব্যয় হচ্ছে না।
দেশের বিদ্যমান যাত্রী পরিবহন ব্যবস্থার মধ্যে অভ্যন্তরীণ বিমান চলাচল গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। আর প্রতিদিনই বাড়ছে যাত্রীসংখ্যা ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর ব্যবহার। বিশেষ করে সরকারের অনেক মেগা প্রজেক্ট দেশের বিভিন্নস্থানে চলমান থাকায় দ্রুত এবং সময় সাশ্রয়ী মাধ্যম হিসেবে বিদেশি প্রকৌশলী, পর্যটক ও ব্যবসায়ীদের কাছে বিমান পরিবহন এখন অভ্যন্তরীণ চলাচলের অন্যতম মাধ্যম।
বেবিচক সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে পুরনো টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় ৮ হাজার বর্গফুটের একটি ফ্লোর তৈরি করা হচ্ছে। একটি বেসরকারি প্রতিষ্ঠান ফ্লোরটি তৈরি করছে। ফ্লোরের অর্ধেক অংশজুড়ে থাকবে ২টি আন্তর্জাতিক মানের লাউঞ্জ আর বাকি অর্ধেক অংশে থাকবে যাত্রীদের বসার ব্যবস্থাসহ স্মোকিং রুম, ডায়াপার চেঞ্জিং স্টেশন, মাদারস কর্নার ও প্রেয়ার রুম। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ফ্লোরটি বিদেশি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের আদলে নির্মাণ করা হবে। ফ্লোরে ওঠার জন্য থাকবে বিশাল লিফট।
-B










