মাঝ আকাশ থেকে বিমান ফিরলো ঢাকায়

কাতারের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমান কারিগরি ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে ফিরে আসে। গতকাল সোমবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৭টায় বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে উড়ে যায়। ফ্লাইটে মোট ২৭৪ জন যাত্রী ছিল।
ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। তবে উড্ডয়নের দেড় ঘণ্টা পর ভারতের রায়পুরের আকাশে ফ্লাইটটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। তাৎক্ষনিক পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। প্রায় পৌনে ২ ঘণ্টা উড়ে ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
সূত্র জানায়, ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিমান বিস্তৃতভাবে কিছু জানায়নি। তারা শুধু ‘টেকনিক্যাল ইস্যু (কারিগরি ত্রুটি)’ উল্লেখ করেছে। তবে শুনেছি বিমানের উইন্ডশিল্ড (পাইলটের সামনের কাঁচ) ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট ফ্লাইটটি নিয়ে দেশে ফিরে আসেন।
বিষয়টি জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাবস্থাপনা পরিচালক যাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ মনিটরকে বলেন, বিমানের উইন্ডশিল্ডে (পাইলটের সামনের কাঁচ) ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আমাদের সাথে যোগাযোগ করলে ফ্লাইটটি নিয়ে তাকে দেশে ফিরে আসতে বলা হয়। বিমানটিতে কোন যান্ত্রিক ত্রুটি ছিল না।
তিনি আরও বলেন, বিমানটি অবতরণ করা মাত্রই অন্য আরেকটি ফ্লাইটে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।
ওই ফ্লাইটের যাত্রী শেখ মোহাম্মদ সাজিদ তার এক ফেসবুকে পোষ্ট দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।’
বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঐ যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে নিরাপদ অবতরণ করেছে।
উল্লেখ্য, এর আগে বুধবার (২০ আগস্ট) দিল্লি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। বিমানের বোয়িং-৭৩৭ ফ্লাইটটির হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা দিয়েছিল।
একইদিন ওই ফ্লাইটের ১৬২ যাত্রীকে দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ দিল্লিতে পাঠায় বিমান। সেই ফ্লাইটটিতে বিমানের প্রকৌশলীরাও ছিলেন। পরে তারা উড়োজাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে আনেন।
-B










