উড্ডয়নের ২৫ মিনিট পর অবতরনে বাধ্য হলো বিমান

উড্ডয়নের কিছুক্ষণ পরেই কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েও দেশের সীমানা থেকে আবারও ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৭১ ফ্লাইটটির সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা করার কথা ছিল। তবে কিছুটা বিলম্বে ১০টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। পরে ২৫ মিনিট ঢাকার আকাশে ঘুরপাক খেয়ে ফ্লাইটটি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে।
এসময় পাইলট টাওয়ারকে জানায়, কারিগরি ত্রুটির কারণে তারা ফ্লাইটটি নিয়ে ঢাকায় অবতরণ করতে চায়। অনুমতি দেওয়ায় বেলা ১১টা ১০ মিনিটের ফ্লাইটটি ঢাকায় নামে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদ ও অক্ষত রয়েছেন। তাদের ফ্লাইট থেকে নামিয়ে বিমানবন্দরে রাখা হয়েছে।
বিমানের ফ্লাইটটি বোয়িং-৭৩৭ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালনা করা হচ্ছিল। তবে এতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান'র সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য বলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র ফ্লাইট ডাটা এনালাইসিস ইঞ্জিনিয়ার, কর্পোরেট সেফটি এন্ড কোয়ালিটি মোঃ শামসুদ্দোহা বাংলাদেশ মনিটরকে বলেন, আকাশে ওড়ার পর প্লেনের সঙ্গে একটি পাখি বাড়ি খায় (বার্ড স্ট্রাইক)। বার্ড স্ট্রাইকের কারণেই ফ্লাইটটি অবতরণ করতে বাধ্য হয়। তবে এ বিষয়ে পাইলট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
বিমানটি আবার কখন রওনা হবে, আদৌ হবে কি না, বা কতজন যাত্রী ছিল এবিষয়ে কোনো তথ্য তিনি বলতে পারেননি ।










