প্রাকৃতিক ভূ-স্বর্গ সাজেক সফরে আসছেন রাষ্ট্রপতি

দেশের বিখ্যাত পর্যটন স্থল রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি সফরে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি জানান, দুই দিনের সফরে আসা রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি শুক্রবার (২০ মে) বিকেলে সাজেকে ল্যান্ড করবে। রাষ্ট্রপতি সাজেকের ঐতিহ্যবাহী লুশাই হেরিটেজ ভিলেজ পরিদর্শন করবেন এবং স্থানীয় গ্রাম প্রধানদের (হেডম্যান, কারবারি) সাথে মতবিনিময় করবেন। রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত সাধারণ পর্যটকদের বাড়তি নিরাপত্তার মধ্যদিয়ে সাজেকে যেতে হবে। ২৩ মে থেকে সব কিছু স্বাভাবিক নিয়মে চলবে।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে কোনো রিসোর্ট কিংবা হোটেল বন্ধ থাকবে না। রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং রাখা হয়েছে, বাকি সব রিসোর্ট সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত আছে।
উল্লেখ্য, ভূ-পৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূ-স্বর্গ। প্রকৃতি এখানে সকাল বিকাল রঙ বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি, আর তুলোর মতো মেঘ, এরই মধ্যে মাথা উঁচু করে দাড়িয়ে রয়েছে নৈস্বর্গিক সাজেক ভ্যালি।
-B










