ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

মুজিব জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ভারতীয় রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার বিষয়ে দেশটির রাষ্ট্রপতির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলা হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
ভারতের রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সঙ্গে দেশটির ফার্স্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রীসহ দু’জন সংসদ সদস্য, পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর কোবিন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শন করবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য যে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় আসছেন কোবিন্দ।










