আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবার বেড়েছে। অভ্যন্তরীণে ১০০ টাকা থেকে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটারের দাম ১০৬ টাকা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আওতাধীন পদ্মা অয়েল কোম্পানি। প্রায় দুই বছরের ব্যবধানে ফুয়েলের দাম বেড়েছে ৬০ টাকা।
রোববার (১৫ মে) নতুন এ দাম কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৭ মে) রাতে নিজস্ব ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে পদ্মা অয়েল।
কোম্পানিটি জানায়, নতুন আদেশ অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার তেল কিনতে হবে দশমিক ১ দশমিক ০৯ মার্কিন ডলারে।
এর আগে ২০২০ সালের অক্টোবরে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারিত ছিল ৪৬ টাকা। ২০২১ সালের জানুয়ারিতে দাম বাড়িয়ে করা হয় ৫৩ টাকা, ফেব্রুয়ারিতে ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা, এপ্রিলে ৬১ টাকা। তবে মে মাসে লিটারে ১ টাকা দাম কমানো হয়েছিল। জুনে প্রতি লিটারে ৩ টাকা বাড়িয়ে করা হয় ৬৩, জুলাইয়ে ৬৬, আগস্টে ৬৭ টাকা, অক্টোবরে দাঁড়ায় ৭০ টাকা এবং নভেম্বরে ৭৭ টাকা করা হয়। ২০২২ সালের জানুয়ারিতে দুই দফায় কমানো হয়েছিল ৪ টাকা। সর্বশেষ এপ্রিলে দাম ১০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
-B










