সীমান্ত খুলছে সৌদি সরকার

শর্তসাপেক্ষে সীমান্তে বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সৌদি সরকার। বুস্টার ডোজ নেওয়ার শর্তে নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দিচ্ছে দেশটি। এছাড়া, বিশ্বব্যাপী করোনার প্রকোপে আন্তর্জাতিক চলাচলের ক্ষেত্রে নতুন কিছু শর্তও জুড়ে দিয়েছে তারা।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘৯ ফেব্রুয়ারি থেকে সীমান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাদের বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।’
এছাড়া সৌদিতে প্রবেশে ইচ্ছুক বিদেশিদের জন্য বিমানে ওঠার অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট ও করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। তবে আট বছরের কম বয়সীদের জন্য সনদের প্রয়োজন নেই।
দেশটিতে প্রবেশের পর বিমানবন্দরে কোনো যাত্রী করোনা পজিটিভ হলে বিশেষ শর্ত রয়েছে তাদের জন্য। শর্তানুযায়ী, ওই যাত্রীকে সৌদি সরকার অনুমোদিত টিকার দুই ডোজ গ্রহণ নিশ্চিত করে অন্তত ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
উল্লেখ্য যে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভ্রমণ নীতিমালায় যুক্ত নতুন শর্তগুলোর পাশাপাশি সংক্রমণ এড়াতে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে সৌদি সরকার।










