লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সার্ভার সচল হলো

যান্ত্রিক ত্রুটির কারণে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়া লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সার্ভার অবশেষে সচল হলো।
হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্ট ও ভিসা সার্ভার পুনরায় ইনস্টল করা হয়েছে এবং সচল রয়েছে। তবে বড়দিন এবং বক্সিং ডে’র ছুটি শেষে আগামী (২৯ ডিসেম্বর) থেকে নিয়মিত কনস্যুলার সেবা প্রদান করা হবে।
অন্যদিকে, বিকল্প ব্যবস্থায় লন্ডন হাইকমিশনে গৃহীত সকল পাসপোর্ট, ভিসা ও এনভিআর-এর আবেদন ম্যানচেস্টার ও বার্মিংহাম সহকারী হাইকমিশন হতে প্রক্রিয়াকরণপূর্বক লন্ডনস্থ হাইকমিশন হতে ডেলিভারি প্রদানের মাধ্যমে সেবা অব্যাহত রাখে।
উল্লেখ্য যে, ১৫ ডিসেম্বর রাত সাড়ে দশটায় হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন যে, ১৪ ডিসেম্বর বিকাল হতে হাইকমিশনের পাসপোর্ট, ভিসা ও এনভিআর-এর কাজে ব্যবহৃত সার্ভারটি যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎ সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। সার্ভারের মূল কারিগরি বিষয়গুলো ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এখন পর্যন্ত পুনরায় কার্যকর করা সম্ভব হয়নি। সার্ভারটির এই সংকটময় অবস্থার কথা ইতোমধ্যে ঢাকায় জানানো হয়েছে এবং ঢাকা হতে একটি উচ্চ পর্যায়ের কারিগরি টিম জরুরি ভিত্তিতে লন্ডন পৌঁছার প্রতিশ্রুতি পাওয়া গেছে।।










