স্থায়ী ঠিকানায় কাল শুরু হচ্ছে বাণিজ্য মেলা

নতুন বছরের প্রথম দিন নতুন ঠিকানায় রাজধানীর পূর্বাচলে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার (১ জানুয়ারি ২০২২)সকালে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই মেলায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে মেলা আয়োজেনের সব প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে। এবার মেলা প্রাঙ্গণে ভেতর ও বাইরে ছোট বড় মিলে সর্বমোট ২২৫টি প্যাভিলন ও ষ্টল থাকছে।
এ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, করোনা মহামারির কারণে গতবছর বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মাথায় রেখে মেলা সাজানো হয়েছে। মেলার প্রবেশদ্বারে ভিন্নতা আনতে পাঁচটি মেগা প্রকল্পের কাঠামো ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করা হয়েছে।
ইপিবির সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, ইতিমধ্যে স্টল বরাদ্দ শেষ হয়েছে। যেসব প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে, তারা ডেকোরেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে।
প্রতিবছর রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলেও এবারই প্রথম ঢাকার অদূরে পূর্বাচলে স্থায়ী ঠিকানায় এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।










